রাজধানীর দেয়ালে দেয়ালে জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের।

রবিবার (৩১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পোস্টার অপসারণের দাবি জানান।

ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল জাবের লেখেন, “জুলাই গ্রাফিতির উপর বিশ্রীভাবে পোস্টার লাগিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।”

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেতাকে খোঁচা দিয়ে জাবের আরও বলেন, “উনারা ইলেকশনে জিতলে ক্লিন ঢাকা, গ্রীন ঢাকাসহ আরও অনেক কিছু করবেন। এই হইলো তার নমুনা।”

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, “অবিলম্বে পোস্টার তুলে নেওয়ার অনুরোধ করছি। এবং ভবিষ্যতে এক্ষেত্রে সচেতন থাকবার আহবান করছি।”

পোস্টের শেষে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে আব্দুল্লাহ আল জাবের মন্তব্য করেন, “এমন করে শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকলে উনি জিতে যাবেন নির্ঘাত (পেছন থেকে)।”