‘আমার পদমর্যাদা অনেক মন্ত্রীর চেয়েও বেশি’

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে তার সাংবিধানিক ও প্রোটোকল মর্যাদা অনেক মন্ত্রীর চেয়েও বেশি।
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “জাতীয় সংসদে অনেক মন্ত্রী পুরো অধিবেশনজুড়ে হয়তো মাসে একবার কথা বলেন। কিন্তু আমি অধিবেশন চলাকালে প্রতিদিন দুই-তিনবার কথা বলতে পারি। সে হিসেবে আমার পদমর্যাদা অনেক মন্ত্রীর চেয়েও বেশি।”
তিনি বলেন, বিরোধীদলীয় উপনেতা হিসেবে তার সরকারি মর্যাদা প্রতিমন্ত্রীর সমপর্যায়ের। তিনি রাজধানী থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত সরকারি প্রোটোকল নিয়ে এসেছেন বলেও উল্লেখ করেন।
তাহের বলেন, “বিরোধী দলে থেকেও আমার গাড়িতে জাতীয় পতাকা রয়েছে। এটি ব্যক্তিগত গর্বের বিষয় নয়, বরং রাজনৈতিকভাবে আমাদের অবস্থানের স্বীকৃতি।”
জামায়াত নেতা দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার দলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “প্রধান বিরোধী দল মানে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় দল। আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি ভোট পেলেও জামায়াত এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে চৌদ্দগ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। এছাড়া নির্বাচনের পর আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়বে।”
চৌদ্দগ্রামের অন্যতম প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি বলেন, “কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের ছয় মাস সময় দিচ্ছি। তারা যেন অন্য পেশায় চলে যায়। এরপরও কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি স্থানীয় জনগণকে অপরাধবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং জানান, তার নেতৃত্বে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









