জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

প্রতীকী ছবি
শ্রীলঙ্কায় রোববার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির প্রকৃত ব্যয় আদায় এবং ভর্তুকি ধীরে ধীরে প্রত্যাহারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সরকারি মালিকানাধীন সিলন পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ৪১০ রুপি থেকে বেড়ে ৪৩৪ রুপি হয়েছে, যা প্রায় ১ দশমিক ৩৩ মার্কিন ডলারের সমান। অন্যদিকে ডিজেলের দাম ৩৯২ রুপি থেকে বেড়ে ৪০৭ রুপি নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি শ্রীলঙ্কার জন্য অনুমোদিত ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের আওতায় ৬৯৫ মিলিয়ন ডলারের একটি কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। ২০২৩ সালের শুরুতে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ঋণ কর্মসূচি চালু করা হয়। কিস্তি অনুমোদনের কয়েক দিনের মধ্যেই জ্বালানির দাম বাড়ানো হলো।
আইএমএফ শ্রীলঙ্কাকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রত্যাহার করে প্রকৃত ব্যয় অনুযায়ী মূল্য নির্ধারণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব ভর্তুকি তুলে নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে চলতি বছরের শুরু থেকে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিদ্যুতের দামও বেড়েছে প্রায় এক তৃতীয়াংশ।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া আবারও চাপে পড়তে পারে। ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর থেকে আইএমএফের সহায়তায় দেশটি অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








