চিকিৎসা করুণা নয় মৌলিক অধিকার- স্বাস্থ্যখাতের বৈষম্য নিয়ে উদ্বিগ্ন ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত;
স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসা সেবা পাওয়া কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক এই সভায় ডা. জুবাইদা দেশের স্বাস্থ্যখাতের একটি রূঢ় চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে মেটাতে হয়। আর এ কারনেই অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বর্তমান বাংলাদেশে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। নিম্নআয়ের প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ঝুঁকিপূর্ণভাবে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করে।
ঢাকা-১৭ আসনের কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তি এলাকার মানুষের শ্রমের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, পোশাকশিল্প ও নির্মাণখাতের এই মানুষগুলোই শহরকে সচল রাখে, অথচ তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
এদিন ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউনিটের উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে:
1. প্যাথলজি প্যাভিলিয়ন
2. গ্যাস্ট্রোলিভার সেন্টার ও
3. ৫০ শয্যার আইসিইউ (ICU)
উদ্বোধন শেষে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে সেবার মান নিয়ে আলোচনা করেন।
ডা. জুবাইদা স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হাসপাতালে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। সাধারণ মানুষকে এই তথ্য পৌঁছে দিতে এলাকার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবক ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









