টিকাদান কার্যক্রম জোরদার করতে দেশে এসেছে ১৫ লাখ ডোজ হামের টিকা। বুধবার (০৬ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়।

এ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউনিসেফ থেকে একসঙ্গে ১৫ লাখ ডোজ টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। তিনি জানান, ২০২৬ সালের মধ্যে সব ধরনের ভ্যাকসিনের ডোজ সরবরাহ নিশ্চিত করা হবে এবং বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ৯৩ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। বাকি টিকাগুলো আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে প্রদান করা হবে। এছাড়া আগামী ১০ মে এর মধ্যে দেশে হাম ও রুবেলাসহ মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

হাম মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো অব্যবস্থাপনা নেই। প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলের মাধ্যমে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ২০০ শয্যার সেবা নিশ্চিত করা হবে।

টিকার পূর্ববর্তী সংকটের বিষয়ে তিনি বলেন, অতীতের সেই সমস্যার জন্য বিগত সরকার দায়ী হলেও বর্তমানে সরকার তা কাটিয়ে উঠেছে। তবে অতীত নিয়ে আর আলোচনা করতে চান না বলেও জানান তিনি।