ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে রাষ্ট্রপতির প্রেস উইং নিশ্চিত করেছে।

গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়।

যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়।

চিকিৎসা পর্যবেক্ষণের সময় হৃদযন্ত্রে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা এনজিওপ্লাস্টি করে স্টেন্ট স্থাপন করেন।

বঙ্গভবন সূত্র জানায়, মো. সাহাবুদ্দিন এর আগেও হৃদরোগজনিত সমস্যার চিকিৎসা গ্রহণ করেছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে তিনি ওপেন হার্ট সার্জারি করেন ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে।

এরপর থেকে নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল হৃদরোগ চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান। এখানেই রাষ্ট্রপতির সর্বশেষ চিকিৎসা সম্পন্ন হয়।

প্রাইমটিভি/এনজি