দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় তিনজন, সিলেটে দুইজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাইমটিভি/এনজি