একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গের শিশু । সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর তিনজনের মধ্যে ছিল হামের উপসর্গ। চার শিশুই ঢাকায় মারা গেছে।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া পরীক্ষায় ৬৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। ফলে গত একদিনেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬৩ শিশু। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে প্রাণহানি পৌঁছেছে ৬৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯২৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭১ হাজার ৪৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৩৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের বিভিন্ন এলাকায় হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








