জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভারতীয় কূটনীতিককে ডেকে এ ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হতে পারে।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার (১৫ জুন) দুপুরে দেশে ফিরে আসেন তিনি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।
উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে আটকে দেওয়ার ঘটনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন ভারতীয় পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





