ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনিরোসো থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও একই ধরনের তথ্য দিয়েছে। সংস্থাটির তথ্যমতে, মিন্দানাও দ্বীপের নিকটবর্তী সাগরে ১১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ।

দেশটির একাধিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা সম্ভাব্য আফটারশক এবং উপকূলীয় এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একই এলাকায় আঘাত হানা একটি প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। এর পর থেকেই অঞ্চলটিতে ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছিল।

সূত্র: এএফপি

প্রাইমটিভি/কেআর