রাশিয়ায় ড্রোন হামলায় নিহত জামালপুরের যুবক

সংগৃহীত
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় মো. মফিজ মিয়া (২৩) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ১৭ দিন নিখোঁজ থাকার পর রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।
নিহত মফিজ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে চাঁদপুর জেলার এক ব্যক্তিকে ১২ লাখ টাকা দিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান মফিজ। সেখানে তাকে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর সরাসরি ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের দাবি।
স্বজনদের অভিযোগ, একটি দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সর্বশেষ গত ২৯ মে পরিবারের সঙ্গে মফিজের কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাননি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন যে ড্রোন হামলায় মফিজ নিহত হয়েছেন।
নিহতের মা মাহফুজা বেগম বলেন, “রাশিয়ায় যাওয়ার পর আমার ছেলে আমাকে ফোন করে বলে তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল, সেই কাজ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এখন আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। আমার ছেলের লাশটা দেশে এনে দেন। আমি এই দালাল চক্রের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ছেলে মফিজ মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। বিষয়টি আমি ফেসবুকে দেখেছি।”
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো প্রশাসনের কাছে কোনো আবেদন করা হয়নি। পরিবার আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





