পহেলা জুলাই থেকে কার্যকর হতে পারে নবম জাতীয় বেতন কাঠামো

ছবি- সংগৃহীত
চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে পারে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য।
গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে বিভিন্ন গ্রেডের মধ্যে সমন্বয় আনার লক্ষ্যে একাধিক সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে।
নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রশাসন, মাঠপর্যায়ের কর্মী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যসেবাকর্মী এবং বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।
একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পৃথক সমন্বিত নীতিমালা তৈরির কাজও চলছে, যাতে তারাও নতুন পে স্কেলের সুবিধা সমভাবে ভোগ করতে পারেন।
নতুন পে স্কেলের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ব্যবস্থাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বিশেষ করে স্বল্প পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সচিব কমিটির বৈঠকে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ফলে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন।
সরকার আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করতে দ্রুতগতিতে কাজ করছে। সংশ্লিষ্টদের আশা, এটি বাস্তবায়িত হলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য অনেকটাই কমে আসবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









