বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনা কায়সারকে

ছবি- সংগৃহীত প্রয়াত কারিনা কায়সার
হাসি মুখের মানুষ ছিলেন কারিনা কায়সার। চমৎকার হাস্যরস আর প্রাণবন্ত অভিনয় দিয়ে সবসময় অন্যদের মুখেও ফোটাতেন হাসি। কিন্তু এক বুক সম্ভাবনা নিয়ে হুট করেই চলে গেলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে ১৬ মে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। তার এই আকস্মিক অকাল প্রয়াণে শোবিজ অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া।
গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চরকি কার্নিভাল’। এই বিশেষ উৎসবে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে।

ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগের (২০২৪) চূড়ান্ত মনোনয়ন তালিকা। চরকির জনপ্রিয় ওয়েব ছবি ’৩৬-২৪-৩৬’-এ অনবদ্য পারফরম্যান্সের জন্য ‘বেস্ট অ্যাক্টর (ফিমেল)’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার।

তবে তার অকাল বিদায়ের পর এই প্রতিভাবান অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাতে তাকে সাধারণ প্রতিযোগিতার ঊর্ধ্বে রাখা হয়েছে। প্রতিযোগিতার বাইরে রেখে চরকি কার্নিভালের মঞ্চে তাকে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা। বিজয়ের ট্রফি হয়তো অনেকের হাতেই উঠবে, তবে কারিনা কায়সার তাঁর কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, এই সম্মাননা তারই এক অনন্য স্বীকৃতি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









