এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব খান

ছবি- সংগৃহীত
ঈদে মুক্তিপ্রাপ্ত নির্মাতা আজমান রুশোর ‘রকস্টার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। তবে পর্দার এই ‘রকস্টার’-এর নেপথ্য কণ্ঠ ও সুরের জাদু ছড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। পর্দায় শাকিবের মুখে সানির কণ্ঠ শুনলেও, ভক্তদের মনে দুই তারকাকে একসঙ্গে দেখার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে ছবির প্রযোজকের আমন্ত্রণে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘুচল সেই অপূর্ণতা। একই মঞ্চে মাইক্রোফোন হাতে ঝড় তুললেন পর্দার ও নেপথ্যের দুই ‘রকস্টার’।

অনুষ্ঠানে সানি যখন ‘রকস্টার’ ছবির গানগুলো একে একে গাইছিলেন, তখন তার সবচেয়ে প্রিয় ও এখনো অপ্রকাশিত গান ‘আমি’ গাওয়ার সময় মঞ্চে ডেকে নেন শাকিব খানকে। শাকিবও সানন্দে সাড়া দিয়ে মঞ্চে আসেন এবং সানির কাঁধে হাত রেখে ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ গানটিতে গলা মেলান। দুই তারকার এই যৌথ পরিবেশনার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

অভিনয়ের মানুষ শাকিব কেমন গাইলেন এমন প্রশ্নে গায়ক সানি ঢাকা পোস্টকে বলেন, "তিনি হৃদয় দিয়ে, মন থেকে গেয়েছেন। শাকিব ভাই গানটির ভূয়সী প্রশংসা করে আমাকে বলেছেন, 'এই ছবিতে যতগুলো ভালো গান করেছো তুমি, একসঙ্গে এত ভালো গান বাংলা ছবিতে অনেকদিন ধরে আসেনি।' উনার এই প্রশংসা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।" সানির কথা, সুর ও কণ্ঠের এই 'আমি' গানটিসহ ছবির সবগুলো গান নিয়ে শিগগিরই ইউটিউবে একটি চমৎকার জুকবক্স প্রকাশ পাবে বলে জানা গেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









