আজ কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন

ছবিঃ সংগৃহীত অভিনেত্রী দিলারা জামান
ক্যালেন্ডারের হিসেবে বয়স ৮৩ হলেও অমলিন হাসিতে তা বোঝার উপায় নেই। বয়সের সঙ্গে দারুণ এক আপস করে নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। আজ (১৯ জুন) এই গুণী শিল্পীর জন্মদিন। এবারের জন্মদিনটি তার কাছে একটু বেশিই আনন্দের, কারণ কাছে পেয়েছেন বড় মেয়েকে। তার দুই মেয়েই যুক্তরাষ্ট্রে থাকেন। ঢাকা পোস্টকে অভিনেত্রী বলেন, "জন্মদিনে বড় মেয়ে এসেছে, তাকে কাছে পেয়েছি, এটাই অনেক আনন্দের।"
আপাতত আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের শুভেচ্ছায় ঘরেই কাটছে তার সময়। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, "দিন যত যাচ্ছে, ততই প্রবীণ হচ্ছি। সবাই দোয়া করো, যেন সুস্থ থাকি।"

আশি পেরিয়েও অভিনয়ই দিলারা জামানের প্রাণ। এই টানেই দেশে পড়ে আছেন। তবে মেয়ের কারণে এই জুনে কাজের বিরতি নিয়েছেন, কেবল ২২-২৩ তারিখে একটি বিশেষ আবদারের কাজ করবেন।
১৯৪৩ সালে বর্ধমানে জন্ম নেওয়া এই অভিনেত্রীর কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটক দিয়ে টিভি এবং ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। এরপর কয়েকশ নাটকে অভিনয় করেছেন তিনি। সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি ‘একুশে পদক’ এবং পরবর্তীতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









