৮ আগস্ট অস্ট্রেলিয়ায় মঞ্চ মাতাবেন রুনা লায়লা

ছবিঃ সংগৃহীত রুনা লায়লা
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা তার গৌরবময় সংগীতযাত্রার ৬০ বছর পূর্ণ করেছেন। বরেণ্য এই শিল্পীর এই ঐতিহাসিক মাইলফলক উদ্যাপন করতে অস্ট্রেলিয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের, যেখানে তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে ইমন চৌধুরীর জনপ্রিয় ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।
আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের কনসার্ট। অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স) আয়োজিত এই কনসার্টের মাধ্যমে রুনা লায়লা প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় এবং মেলবোর্নে প্রথমবারের মতো গান শোনাতে যাচ্ছেন। এছাড়া, ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে লিসেন ফর ইনকের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ নাইট’ কনসার্ট, যেখানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও গাইবেন পিন্টু ঘোষ।

আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পী নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন রুনা লায়লা। দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়া সফর নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী দর্শকের পছন্দের গান গাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে ইমন চৌধুরী জানান, তারা ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’র মতো জনপ্রিয় গানগুলো পরিবেশনের জন্য দারুণ এক্সাইটেড। অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়া এই আয়োজনটি ভক্তদের জন্য নস্টালজিয়ায় ডুবে যাওয়ার এক অনন্য মিউজিক্যাল অভিজ্ঞতা হতে যাচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







