৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

সংগৃহীত
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানান, সশস্ত্র বাহিনী গত দুই দিনে ২৪টি ড্রোন শনাক্ত করেছে এবং সেগুলো সফলভাবে মোকাবিলা করা হয়েছে।
তিনি বলেন, এসব ঘটনার ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সীমিত পরিসরে কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
মুখপাত্র আরও জানান, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ‘জলবীর’ নামের জাহাজটি ইরানের তেল পরিবহনের উদ্দেশ্যে অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। এ কারণে জাহাজটিতে অভিযান চালানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে ওমান উপসাগরে এটি তৃতীয় জাহাজ, যার বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের আরও দুটি জাহাজে অভিযান চালানো হয়।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। জাহাজটিতে থাকা ২০ জন ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়। বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








