মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে হওয়া শান্তি উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে আগ্রহী। পাশাপাশি দেশটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি রাজনৈতিক চাপেরও মুখোমুখি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহুর আশঙ্কা, লেবানন থেকে সেনা প্রত্যাহার বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শিথিল করলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এ কারণে তিনি কঠোর নিরাপত্তা নীতি বজায় রাখতে চাইছেন।

অন্যদিকে ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি সমঝোতা নিয়ে ইসরায়েলের ভেতরে অসন্তোষ রয়েছে। দেশটির উদ্বেগ, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনতা সীমিত হতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইসরায়েল যদি লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি হুমকির মুখে পড়তে পারে। এর প্রভাব ট্রাম্প ও নেতানিয়াহুর পারস্পরিক সম্পর্কেও পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১২ জুন বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ওই সমঝোতার অংশ নয় ইসরায়েল।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ইস্যুতে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে। তার মতে, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের দিকেই গুরুত্ব দেওয়া উচিত।
প্রাইমটিভি/এমএইচ