কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃসংগৃহীত
নিজের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) নিয়ে স্বপ্ন দেখেছিলেন কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদ। সেই স্বপ্নের যাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে ঘটে যায় এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক মুহূর্ত।
তরুণ উদ্ভাবক রিজয়ান রশীদের তৈরি গো-কার্টটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গাড়িটির নকশা, নির্মাণপ্রক্রিয়া ও কারিগরি বিষয় সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় রিজয়ানের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
একপর্যায়ে উপস্থিত সবার বিস্ময় ও উচ্ছ্বাসের মাঝে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটিতে উঠে চালিয়ে দেখেন। মুহূর্তটি সেখানে উপস্থিতদের মাঝে দারুণ উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে তরুণ প্রজন্মের উদ্ভাবন, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাকে এগিয়ে নেওয়ার শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, রিজয়ান রশীদের মতো তরুণদের সৃজনশীল চিন্তা দেশের প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
এমন উৎসাহ ও স্বীকৃতি ভবিষ্যতে আরও অনেক তরুণ উদ্ভাবককে সাহস জোগাবে এবং নতুন কিছু করার স্বপ্ন দেখাবে বলেও মনে করছেন অনেকে।

মেহেদী হাসান
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






