রাজধানীজুড়ে চলমান হকার উচ্ছেদ অভিযানের মধ্যে এবার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে এবং উৎসাহ নিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থানের পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। এতে তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এদিকে রাজধানীর যানজট নিরসনেও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে স্কুল ও কলেজের সামনে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এক নম্বর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সড়ক থেকে হকার উচ্ছেদ করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।