দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসাংগঠনিক আচরণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দলীয় কর্মসূচি পালিত হয়। তবে অভিযোগ রয়েছে, সোনামুখী ইউনিয়নের এই দুই নেতা ওই দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে একটি আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকাবহ দিনে দলীয় কর্মসূচি উপেক্ষা করে তারা জেলা বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে নাচ-গানসহ একটি অনুষ্ঠানে অংশ নেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের স্বার্থে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এনজি