টানা সাতদিনের ছুটি শেষে কাল খুলছে অফিস, ব্যাংক ও পুঁজিবাজার

অফিস । প্রাইম টিভি
পবিত্র ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ।
ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাতদিনের অবকাশ উপভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে।
এদিকে ঈদের আগে সীমিত পরিসরে কার্যক্রম চালানো কিছু ব্যাংকও সোমবার থেকে পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক লেনদেনে ফিরছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত শেয়ার লেনদেন শুরু হবে।
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপও বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই দিনের একটি বড় অংশ সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে ব্যয় করবেন। এছাড়া কিছু প্রতিষ্ঠান প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





