ঈদের পর নিত্যপণ্যের বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে কমেছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ঈদের আগে তুলনামূলক চড়া দামে বিক্রি হওয়া বেশিরভাগ সবজি, মুরগি ও ডিমের দাম এখন কমেছে।
রোববার (৩১ মে) সকালে রাজধানীর মুগদা ও মানিকনগর বাজার ঘুরে দেখা যায়, অর্ধেকের বেশি সবজির দোকান বন্ধ রয়েছে। অনেক ব্যবসায়ী ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ায় বাজারে দোকান খোলা রয়েছে সীমিত সংখ্যক। তবে ক্রেতার সংখ্যাও কম থাকায় বাজারে স্বস্তি ফিরেছে।
বাজারে বর্তমানে অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল।
সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ঢেঁড়শ, যার কেজি ৪০ টাকা। এছাড়া পেঁপে, সাদা বেগুন, চিচিঙ্গা, পটল, ঝিঙে, ধুন্দল ও উস্তা প্রতি কেজি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
ঈদের সময় সাধারণত কাঁচা মরিচ, শসা, টমেটো ও গাজরের চাহিদা বাড়লেও এবার এসব পণ্যের দামও নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব পণ্যের দাম আরও ১০ থেকে ২০ টাকা বেশি ছিল।
এছাড়া করলা, কাঁকরোল, বরবটি ও গোল বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকায় এবং কাঁচা আম বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজি দরে।
মুগদা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী এহসানুল করিম বলেন, গ্রামের বাড়ি থেকে ফিরে ঢাকায় সবজির দাম কম দেখে তিনি অবাক হয়েছেন। তিনি জানান, যে লাউ গ্রামে ১০০ টাকায় কিনেছেন, ঢাকায় সেটি পেয়েছেন ৭০ টাকায়। একইভাবে কাঁচা মরিচ, ঢেঁড়শ ও লেবুও তুলনামূলক কম দামে কিনতে পেরেছেন।
মানিকনগর বাজারের সবজি বিক্রেতা আকবর মিয়া বলেন, অনুকূল আবহাওয়া, নতুন সরবরাহ এবং কম ক্রেতার কারণে বাজারে সবজির দাম কমেছে। বিক্রিও কম হওয়ায় অল্প লাভে পণ্য বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে ঈদের পর মুরগির বাজারেও স্বস্তি ফিরেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ১৮০ থেকে ২০০ টাকা। সোনালী মুরগি প্রতি কেজি ৩৬০ টাকা এবং কক মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মুগদা বাজারের মুরগি বিক্রেতা লিয়াকত বলেন, ঈদুল আজহার পর কয়েকদিন মুরগির চাহিদা কম থাকে। ফলে খামার পর্যায়েই দাম কিছুটা কমে যায়, যার প্রভাব খুচরা বাজারেও পড়ে।
ডিমের বাজারেও দেখা গেছে স্বস্তি। বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, যা ঈদের আগে ছিল প্রায় ১৫০ টাকা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে ঈদের পরবর্তী কয়েকদিন নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকতে পারে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





