ডিসি অফিসের সামনে মারধরের শিকার সাবেক সমন্বয়ক মাহাদী, হাসপাতালে ভর্তি

ছবি- সংগৃহীত
হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদী হাসানকে দাবি করতে দেখা যায় যে, জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার পর তিনি হামলার শিকার হয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, প্রাথমিকভাবে মাহাদী হাসানকে কিল, ঘুষি ও লাথি মারার তথ্য পাওয়া গেছে। ডিসি কার্যালয়ের সামনে কিছু লোক তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, “আহত মাহাদীকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, এখন পর্যন্ত হামলার ঘটনায় কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবারের একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের আবেদন জমা দিতে মাহাদী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। আবেদন জমা দিয়ে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এর আগে বুধবার (১০ জুন) মাহাদী হাসান ফেসবুক লাইভে নিজেকে হামলার শিকার হওয়ার আশঙ্কার কথা জানান এবং পরে থানায় আশ্রয় নেন। তবে ওই ঘটনার ভিডিওতে সরাসরি হামলার দৃশ্য দেখা যায়নি।
হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মাহাদী হাসান এর আগে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় একটি ঘটনায় দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








