বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

শনিবার (১৩ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। পরে নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও যুবদলের নেতারা।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি তরুণদের সম্পৃক্ত করে দলকে আরও গতিশীল করবে।

তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নবনির্বাচিত নেতাদের উদ্দেশে তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রাইমটিভি/কেআর