গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছবি- সংগৃহীত
গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ‘মেট্রিক্স স্টাইল’ নামের পোশাক কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






