যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ৩ । প্রাইম টিভি
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) ও মেহেদি হাসান টুটুল (২৫)। মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






