দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ জুন) বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।

সভায় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, আমদানি রপ্তানির বর্তমান অবস্থা, পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ বাণিজ্য সম্প্রসারণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে এই বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বন্দরের উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এমপি। এছাড়া আমদানি রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী প্রতিনিধি, বন্দর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, নিয়মিত মনিটরিং এবং সেবার মান বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রাইমটিভি/এনজি