রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।

প্রাইমটিভি/এনজি