পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের একটি দল। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সারারাত অভিযান চালিয়ে অবস্থান শনাক্ত করা হয়। পরে ভোরে শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনার পরপরই দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবুল কাশেমকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রাইমটিভি/এনজি