‘তারেক রহমান এলেও কাজ হবে না’—অডিও ভাইরালের পর ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি- সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক ফেডারেশনের এক নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাতুল শিকদার অমি গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতুল শিকদার অমির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তাকে একজন ব্যক্তির কাছে টাকা দাবি ও হুমকি দিতে শোনা যায়। বিষয়টি সামনে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাতুল শিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গাজীপুরের সাতাইশ এলাকায় শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বিভিন্ন সময় অভিযুক্তরা চাঁদা দাবি করতে যেতেন। পরে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার পরও সেখানে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, প্রত্যাশিত পরিমাণ অর্থ না দেওয়ায় কয়েক মাস আগে শ্রমিক নেতা মাজহারুল ইসলামকে আটক করে একটি ফ্ল্যাটে নিয়ে ৬৫ হাজার টাকা আদায় করা হয়।
বাদীর দাবি, ওই ঘটনার পর থেকে নিয়মিত মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদার টাকা দাবি করা হতো। টাকা দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হতো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ করে হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে রাতুল শিকদার অমির বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ছাত্রদল নেতা রাতুল শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






