ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ

টেলিগ্রাম বন্ধ । প্রাইম টিভি
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি ঘিরে প্রশ্নফাঁসের গুজব, জালিয়াতি ও বিভ্রান্তিমূলক প্রচারণা ঠেকাতে সাময়িকভাবে টেলিগ্রামের ব্যবহার সীমিত করেছে দেশটির সরকার। আগামী ২১ জুন অনুষ্ঠেয় পরীক্ষার আগে নেওয়া এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
এনটিএ জানিয়েছে, তাদের সুপারিশের ভিত্তিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্ল্যাটফর্মটির ‘মেসেজ এডিটিং’ ফিচার বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থাটির দাবি, কিছু অসাধু চক্র টেলিগ্রামের মেসেজ এডিটিং সুবিধা ব্যবহার করে পরীক্ষার পর প্রশ্নপত্র আপলোড করে সেটিকে আগেই ফাঁস হওয়া প্রশ্ন হিসেবে প্রচার করে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা এবং প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়।
এনটিএ বলছে, সাময়িক এই বিধিনিষেধের ফলে ভুয়া প্রশ্নফাঁসের দাবি এবং জালিয়াতির সুযোগ অনেকটাই কমে আসবে। ইতোমধ্যে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণায় জড়িত কয়েকটি টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ ও বট বন্ধ করে দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্দেশে এনটিএ সতর্কবার্তা দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো দাবিতে বিশ্বাস না করতে। সংস্থাটির মতে, পরীক্ষা প্রক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হচ্ছে এবং প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
তবে মেসেজ এডিটিং সুবিধা বন্ধ থাকলেও ব্যবহারকারীরা টেলিগ্রামে নতুন বার্তা পাঠানো ও গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









