মায়ের নামে বিদ্যালয়ের নামকরণের আবেদন করলেন বিএনপি এমপি

ছবি- সংগৃহীত
পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব তার মায়ের নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আবেদন করেছেন সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত, যৌক্তিকতা ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
প্রশাসনিক নথি থেকে জানা যায়, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। পরবর্তীতে ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখা হয়।
বর্তমানে বিদ্যালয়টির নাম পুনরায় পরিবর্তনের আবেদন প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




