আদ-দ্বীনের নতুন পরিচালক জামালুন্নেসা

ছবি- সংগৃহীত
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার (১৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।
অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে।
বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহব্যবস্থা আরও উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জন কার্যক্রম চলছে। এছাড়া কর্পোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের তথ্যমতে, মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ২০২৬ সালের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে হাসপাতালটিতে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বিজ্ঞপ্তিতে রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






