রাতের মেট্রোরেলেও যাত্রীদের হুড়োহুড়ি, সময় বাড়তে পারে আরও

ছবিঃসংগৃহীত
রাজধানীর যানজটমুক্ত যাতায়াতের অন্যতম মাধ্যম মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাতে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে বর্তমান সময়সীমা আরও ৪০ থেকে ৫০ মিনিট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন এই সময়সূচি কার্যকর হতে পারে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে আসে। তবে সকালের শুরুর সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় ছেড়ে যায়।
ডিএমটিসিএল সূত্রে আরও জানা গেছে, সময় বাড়ানোর পাশাপাশি দুই ট্রেনের মধ্যবর্তী ব্যবধানও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পিক আওয়ারে ট্রেনের ব্যবধান ৫ মিনিট, যা সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনা হবে। বর্তমানে দৈনিক ২৯৭টি ট্রিপ পরিচালিত হলেও নতুন সূচিতে ট্রিপ সংখ্যা আরও বাড়বে। এছাড়া পিক আওয়ারে ট্রেনের সংখ্যা ১২ সেট থেকে বাড়িয়ে ১৪ সেট করা হবে।
ডিএমটিসিএল-এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম এ প্রসঙ্গে জানান, রাতে উভয় দিক থেকেই সময় বাড়ানোর বিষয়ে কারিগরি পরীক্ষা চলছে। সক্ষমতা থাকলেও মূলত জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৪ লাখ ২৫ হাজার যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে যাত্রী সংখ্যা প্রায় পৌনে ৭ লাখে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বেসরকারি চাকুরিজীবী ও ব্যবসায়ী যারা রাতে দেরিতে বাসায় ফেরেন, তাদের যাতায়াতে এই সময় বৃদ্ধি বড় স্বস্তি নিয়ে আসবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের মাধ্যমে দেশে মেট্রোরেল যুগের সূচনা হয়। পরবর্তীতে ২০২৩ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু হয়। বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ চলমান রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







