পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশব্যাপী অনন্য ও দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিসিআরসি পরিবেশ পদক’-এ ভূষিত হয়েছেন যুব নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা আহসান রনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দেশবরেণ্য শিক্ষাবিদ, জনাব হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট জননেতা এবং অন্যতম উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান, জনাব মোঃ জিয়াউল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট পরিবেশবিদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ আরও অনেকে।

আহসান রনি বাংলাদেশে তৃণমূল ও যুব সমাজকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তন রোধে একটি সফল পরিবেশ আন্দোলন গড়ে তুলেছেন। মিশন গ্রিন বাংলাদেশের মাধ্যমে তাঁর নেতৃত্বে পরিচালিত একাধিক যুগান্তকারী প্রকল্পের মধ্যে রয়েছে ব্র্যাক ও আড়ং-এর সাথে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে জাপানি প্রযুক্তির 'মিয়াওয়াকি মিনি ফরেস্ট' তৈরি, প্লাস্টিক দূষণ রোধে ‘ভাংড়ি মামা’ উদ্যোগ এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে 'টেকসই কমিউনিটি সোলার প্রজেক্ট'-এর বাস্তবায়ন। এছাড়া জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা ও শিশুদের শিক্ষায় 'প্রকৃতির জন্য শিশুরা' নামে একটি নিয়মিত আয়োজন করা হয়।

নেপালে আয়োজিত 'ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প' এবং থাইল্যান্ডের 'এশিয়ান ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট সামিট'-এর মূল আয়োজক হিসেবে কাজ করেছেন আহসান রনি। শুধু দেশে নয়, দেশের বাইরেও নানা আয়োজন সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি নানা জাতীয় ও আন্তজার্তিক পুরষ্কারে ভূষিত হয়েছে আহসান রনি। পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, রোটারি ভলান্টারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড জয়ের পাশাপাশি গ্লোবাল চেঞ্জমেকার ফেলোশীপ অর্জনের মাধ্যমে পৃথিবীর ৩৫ জন চেঞ্জমেকারের খাতায় নাম লেখান আহসান রনি।

বিসিআরসি পরিবেশ পদক ২০২৬ প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন:

"যেকোনো স্বীকৃতি কাজের দায়বদ্ধতা অনেক বাড়িয়ে দেয়। আয়োজকদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ এমন একটি সম্মাননার জন্য। এই পদকটি আসলে এককভাবে আমার নয়, এটি মিশন গ্রিন বাংলাদেশের হাজারো তরুণ স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমের ফসল, যারা প্রতিদিন একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, সরকারের নীতিনির্ধারক এবং দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করা আমার এবং আমাদের পুরো টিমের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আমরা বাংলাদেশের প্রতিটি কোণায় সবুজ বিপ্লব ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যুবদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে আমাদের লড়াই অব্যাহত রাখব।"

উল্লেখ্য, মিশন গ্রিন বাংলাদেশ একটি যুব নেতৃত্বাধীন পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করে চলা একটি সংগঠন। সংগঠনটি পরিবেশ বিষয়ে শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু নীতি অ্যাডভোকেসির মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ