নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ঢাকা কলেজ কেন্দ্রে আটক ৫০ পরীক্ষার্থী

ছবিঃসংগৃহীত
খাদ্য অধিদপ্তরের অধীন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগে ৫০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় ঢাকা কলেজ কেন্দ্রে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জালিয়াতির অভিযোগে ৫০ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ ২৮ জন এবং ঢাকা কলেজের প্রধান ফটকের বাইরে থেকে ২২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অন্তত ১৬ জনকে ফৌজদারি দণ্ডবিধির ২৪৫ ও ২৫৮ ধারায় ১ থেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, পরীক্ষার সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোনে প্রশ্নপত্র পাঠানো ও বাইরে থেকে উত্তর গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, জালিয়াতির সঙ্গে জড়িতদের মধ্যে একটি দল পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই কলেজের মূল ফটকের বাইরে আটক হয়। অন্য দলটি পরীক্ষার হলের ভেতর থেকে ধরা পড়ে। পরে তাদের আলাদা কক্ষে রাখা হয় এবং কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। এরপর তাদের আদালতে পাঠানো হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






