ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে টাঙানো প্রায় ২০ ফুট দীর্ঘ একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক।

শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর তীরসংলগ্ন একটি উঁচু খুঁটিতে টাঙানো হয়।

পরদিন পতাকাটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সমর্থকেরা থানায় জিডি করেন।

ক্লাবের সদস্য টুটুল সিকদার বলেন, অনেক কষ্ট করে চাঁদা তুলে পতাকাটি তৈরি করা হয়েছিল। কেউ কেউ নিজেদের টিফিনের টাকা বাঁচিয়েও এতে অর্থ দিয়েছেন। যারা পতাকাটি চুরি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, পতাকা চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ