মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য Mirza Abbas-এর শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি এ তথ্য জানান। পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন এবং দেশবাসীর দোয়া ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, দেশবাসীর দোয়া ও ভালোবাসার কারণে তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। তার দ্রুত আরোগ্য কামনায় যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, পূর্ণ সুস্থতা লাভের পর তিনি শিগগিরই আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর নিকট মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রাইমটিভি/এমএইচ