মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা
মোংলায় শ্রদ্ধা, গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে স্মৃতি সংসদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবির বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন তারুণ্য ও সংগ্রামের এক দীপ্ত প্রতীক। সমাজের বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কবিতায় সোচ্চার ছিলেন। দেশের সংকটকালীন সময়ে তাঁর কবিতা হয়ে উঠেছিল প্রতিবাদ ও তারুণ্যের অনুপ্রেরণা।
বক্তারা আরও বলেন, বুদ্ধিবৃত্তিক আপসকামিতার সময়েও রুদ্রের মতো কবির উপস্থিতি আজ অত্যন্ত প্রয়োজনীয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাঁর কবিতা ও গান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
প্রসঙ্গত, মাত্র ৩৫ বছরের সংক্ষিপ্ত জীবনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ রচনা করেন। এগুলো হলো— ‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৭), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)। এছাড়া মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়কে উপজীব্য করে তিনি ‘বিষ বৃক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। তিনি বেশ কিছু গল্পও লিখেছেন।
তাঁর রচিত ও সুরারোপিত ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৮৭ সালে তসলিমা নাসরীনের সঙ্গে বিচ্ছেদের পর মোংলায় বসে তিনি গানটি রচনা ও সুর করেন। পরবর্তীতে এ গানের জন্য তিনি ১৯৯৭ সালের বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত শ্রেষ্ঠ গীতিকার (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।
এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুর ৩৩ বছর পর ২০২৪ সালে তিনি একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





