ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন

জাসদ সভাপতি হাসানুল হক ইনু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৩০ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে।
সোমবার ( ২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১৪ মে মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।
এ মামলার রায়ের দিকে নজর রয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলের। আগামী ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





