ছয় জেলায় সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

সেনা কর্মকর্তা । সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা ঠেকাতে দেশের গুরুত্বপূর্ণ ছয় এলাকায় সেনাবাহিনীর কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই বিশেষ ক্ষমতা কার্যকর থাকবে।
এ ক্ষমতার আওতায় সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তারা নির্ধারিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এছাড়া কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই বিশেষ ক্ষমতার আওতায় থাকবেন।
সরকার বলছে, ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার আওতায় নির্ধারিত সময়ের জন্য এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





