ইরানি তেলের ওপর থেকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা চুক্তির আওতায় নেওয়া এ সিদ্ধান্তের ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির সুযোগ পাচ্ছে তেহরান।

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এর আওতায় ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সুইজারল্যান্ডে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন এই ছাড়ের ফলে ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বিশ্বের প্রায় সব দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। বিশেষ করে তেল রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অন্যতম শর্ত ছিল ইরানি তেলের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা। সেই শর্তের অংশ হিসেবেই ৬০ দিনের এই ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আল-জাজিরা

প্রাইমটিভি/এনজি