বিয়ের অনুষ্ঠানে চমক দেওয়ার পর নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত
রাজধানীর এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দেওয়ার ঠিক একদিন পর নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গুলশানে নবদম্পতির বাসায় গিয়ে উপহার ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎই পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর সেখানে আসেননি। তবু প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে উষ্ণ কুশল বিনিময় করেন এবং শুভকামনা জানান।
রোববার প্রধানমন্ত্রীর প্রতিনিধি আতিকুর রহমান রুমন সরাসরি গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে নবদম্পতি ও তাদের পরিবার অভিভূত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ত কর্মসূচির মাঝেও একটি সাধারণ বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং পরদিন উপহার পাঠানোর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতির পরিবার এটিকে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
সাধারণ মানুষের আনন্দের মুহূর্তে রাষ্ট্রপ্রধানের এই অংশগ্রহণ দেশজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









