হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ!

প্রাইম টিভি
সংসদ সদস্য হান্নান মাসউদ নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এই অভিযোগের ভিত্তিতে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি।
সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হান্নান মাসউদ হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, হান্নান মাসউদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় ওই তথ্য দিয়েছেন।
রাশেদ খান আরও দাবি করেন, ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্ন দাখিলে সুবিধা হবে বিবেচনায় তার আইনজীবী তাকে এ ধরনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, হান্নান মাসউদ নিজেই দাবি করেছেন যে তার কোনো স্থাবর সম্পদ নেই, যা হলে হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন ওঠে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর ২০২৫ সালের ১১ আগস্টের একটি বক্তব্যও উল্লেখ করেন রাশেদ খান। তার উদ্ধৃতি অনুযায়ী, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরও নির্বাচন কমিশন তদন্ত করতে পারে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ সংসদ সদস্য পদও চলে যেতে পারে।
ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, অতীতে তিনি হান্নান মাসউদ সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, সেগুলোর সত্যতা হলফনামার তথ্য বিশ্লেষণের মাধ্যমেও যাচাই করা সম্ভব।
পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, “হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?”
তবে রাশেদ খানের উত্থাপিত অভিযোগের বিষয়ে হান্নান মাসউদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









