২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করলেও জাতীয় পার্টি এ বাজেটকে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক বলে মনে করে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “গণতান্ত্রিক বাজেট কী, এটা আমার কাছে পরিষ্কার হয়নি।”

সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বাজেটে বর্ণিত আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে এ মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। তাদের মৌলিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত না করা হলে অর্থনীতিতে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। তবে সেটা যে বিশাল, এ বিষয়ে সংশয়ের সুযোগ নেই।”

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে দল-মত নির্বিশেষে সব নাগরিককে একতাবদ্ধ করতে হবে। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাই দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণে সহায়তা করতে পারে।

জিএম কাদেরের মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হলেই বাজেটকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর