জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংরক্ষিত মহিলা আসনের জন্য অসংখ্য যোগ্য প্রার্থী ইতোমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের যোগ্যতা ও দলের প্রতি অবদান বিবেচনায় এবং দল থেকে মূল্যায়নের লক্ষ্যে গঠিত মনোনয়ন বোর্ড, আগামী শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে।

সুশৃঙ্খল করতে সাক্ষাৎকার প্রক্রিয়াকে বিভাগ অনুযায়ী দুই দিনে ভাগ করা হয়েছে:

শুক্রবার (১৭ এপ্রিল): রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে, এবং

শনিবার (১৮ এপ্রিল): চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী নির্বাচনী এই বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী জানান, দলের প্রতি আনুগত্য এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখা নারীদেরই প্রাধান্য দেওয়া হবে। সংসদীয় প্রক্রিয়ায় দীর্ঘদিন পর দলকে আরও জোরালো করার লক্ষে এই মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।