জাতীয় দলের বাইরে খেলোয়াড়দের জন্য সুখবর, বেড়েছে বেতন ও ম্যাচ ফি

বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন কাঠামো এখন আগের চেয়ে অনেকটাই উন্নত। ২০১২ সালে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনের আওতায় আনে বিসিবি। তখন ১০০ জন ক্রিকেটারকে ‘এ’, ‘বি’ ও ‘সি’এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে ২৫, ২০ ও ১৫ হাজার টাকা বেতন দেওয়া হতো।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চার দফায় বেড়েছে এই বেতন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাচ্ছেন ৬৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার টাকা। বর্তমানে জাতীয় লিগ ও বিসিএলে খেলা মোট ১০৪ জন ক্রিকেটার এই বেতনের আওতায় রয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১৬ জন, ‘বি’তে ১১ জন এবং ‘সি’তে ৭৭ জন ক্রিকেটার আছেন।
কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকবেন, তা নির্ধারণ করা হয় পয়েন্টের ভিত্তিতে। প্রতিটি ম্যাচ খেলার জন্য ১ পয়েন্ট, ফিফটির জন্য ২, সেঞ্চুরির জন্য ৪ এবং ৫ উইকেট নিলে ৪ পয়েন্ট দেওয়া হয়। ২০০ এর বেশি পয়েন্ট পেলে ‘এ’ ক্যাটাগরি, ১০১ থেকে ১৯৯ পয়েন্টে ‘বি’ এবং ১০০ এর নিচে থাকলে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়।
শুধু বেতনই নয়, বেড়েছে ম্যাচ ফিও। আগে যেখানে একটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকায়। এই বেতন কাঠামো চালুর পেছনে বড় ভূমিকা ছিল সাবেক বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এর সময়ের উদ্যোগের। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি খেলায় মনোযোগও বাড়াবে।

Nazmul Gazi
© 2026 Prime Tv. All rights reserved.









