দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অচলাবস্থা নিরসন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত দলবদল প্রক্রিয়া। দলবদলের প্রথম দিনেই বড় চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক, অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছেন তারা।

​দলবদলের আনুষ্ঠানিকতা শেষে মাহমুদউল্লাহ রিয়াদ গণমাধ্যমের কাছে স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে। ক্রিকেটারদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয়।

​লিগ শুরুর এই উদ্যোগের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। মাঠে খেলার সুযোগ পাওয়ার চেয়ে বড় কিছু আর নেই।

​দীর্ঘ ২০ বছর পর আবারও প্রাইম ব্যাংকের জার্সিতে মাঠে নামবেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৫ সালে সর্বশেষ এই ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। ক্লাবটির পেশাদারিত্বের প্রশংসা করে তিনি জানান, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক নিশ্চিত করার ক্ষেত্রে প্রাইম ব্যাংক সবসময়ই শীর্ষ মানের।