খরা কাটিয়ে জয়ে ফিরল রিয়াল: বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ

ছবি- সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচের জয়খরা কাটিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।
ম্যাচের ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে লিড পায় স্বাগতিকরা। এরপর ৫০ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের শেষ মুহূর্তে আলাভেসের টনি মার্তিনেজ একটি গোল শোধ করলেও রিয়ালের জয় আটকাতে পারেনি।
তবে এই জয়েও লস ব্লাঙ্কোস শিবিরের অস্বস্তি কমছে না। ২০২৫-২৬ মৌসুমের লা লিগায় ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বার্সেলোনা।
শিরোপা জিততে হলে রিয়ালকে বাকি সব ম্যাচ জেতার পাশাপাশি বার্সেলোনার বড় ধরনের পতনের অপেক্ষায় থাকতে হবে, যা বর্তমান সমীকরণে প্রায় অসম্ভব।
স্প্যানিশ সুপার কাপে হার এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচ আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সব সমালোচনা সরিয়ে রেখে কোচ জানান, তার একমাত্র লক্ষ্য এখন মৌসুমের বাকি ছয় ম্যাচে জয় নিশ্চিত করা।
মাঠের জয়ে ফিরলেও রিয়ালের লিগ ভাগ্য এখন অনেকটাই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। শেষ পর্যন্ত কি রিয়াল পারবে এবারের শিরোপা নিজেদের করতে?

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









